ভ্রমনের গল্প
– সাফিয়া খন্দকার রেখা
হৃদয়ের উৎকণ্ঠায় ইন্দ্রিয়ের জানালাগুলো আরো সংবেদনশীল হয়,
মস্তিস্ক একাই অনুধাবন বাড়াতে সক্ষম।
প্রতিটি চিন্তার থাকে একটি যন্ত্রণা কিংবা
সুখ,
শূন্যতার ভেতরেই মিলে গভীরতার স্তর
তবুও আমরা পূর্ণতার খোঁজে দৌঁড়াতে থাকি আমৃত্যু।
অহংকারী হই নিঃশ্বাসের ঘ্রাণ অপবিত্র না হওয়া অবধি।
বিশ্বাস শব্দটির অকুলপাথারের গায়ে
নেমে আসে প্রাপ্ত বয়স্ক সন্ধ্যা,
তবুও উচ্চারিত ক্রোধের রাস্তায় টগবগিয়ে
ছোটে আমাদের মোহ….।
মগজের ধারণ ক্ষমতা বেড়ে যায়
কোন না কোন সংস্পর্শে।
অতঃপর নেশা কেটে গেলে ঘুমের ঘোরে
একদিন আবিস্কার করি
ভ্রমনের গল্পটা শেষ।
কিছু সময় একটি বিশ্বস্ত আত্মার প্রয়োজন
অব্দি আমাদের গল্প ছিলো….
প্রেম কিংবা ভালোবাসা জাতীয় কিছুই ছিলো না…….













