‘সালাহর চেয়ে আমার গোলটাই ভালো ছিল’

766

ফুটবল বিশ্বে রোনালদো-মেসির রাজত্ব হয়তো ফুরিয়ে আসছে। গত বিশ্বকাপের পর থেকেই নতুন দুই রাজা লুকা মদ্রিচ আর মোহাম্মদ সালাহ রাজত্ব শুরুর ইঙ্গিত দিয়েছেন। উয়েফার পর ফিফা বর্ষসেরা হয়েছেন লুকা মদ্রিচ। অন্যদিকে বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তার গোলটাই সালাহর চেয়ে আকর্ষণীয় ছিল।

সালাহর কাছে মুকুট হারানোটা মানতে পারছেন না চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়া রোনালদো। যেমনটা মানতে পারেননি মদ্রিচের কাছে উয়েফা বর্ষসেরা খেতাব হারানো। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্তান্সের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করেছিলেন রোনালদো। আর সালাহর গোল এসেছিল প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে এভার্টনের বিপক্ষে।

বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোলটির প্রসঙ্গ টেনে ৩৩ বছর বয়সী রোনালদো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সালাহ যোগ্য ফুটবলার হিসেবেই পুরস্কার পেয়েছে। তবে সত্যি কথাটা হচ্ছে, আমার গোলটাই সেরা।’

কয়েকদিন আগে লন্ডনে ফিফার বর্ষসেরাদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে রোনালদো যাননি। তবে ইন্সটাগ্রামে তিনি অভিনন্দন জানিয়েছেন পুরস্কারজয়ী সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচকে। সঙ্গে লিখেছেন, ‘পুরস্কার পুরস্কারই। আমি অনেক পেয়েছি। যদিও পুরস্কার জেতার জন্য ফুটবল খেলি না। খেলি ম্যাচ জিততে।’

তিনি আরও লিখেছেন, “আমি একেবারেই হতাশ নই। জীবন এমনই। কখনও আপনি জিতবেন, কখনও আপনি হারবেন। আমার ভালো লেগেছে যে, ১৫ বছরের ক্যারিয়ারে সবসময়ই পারফরম্যান্সে ধারাবাহিক থেকেছি।’

NO COMMENTS

LEAVE A REPLY