ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে চোখ সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচের। হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে ফের দলে ফেরা এই বর্ষীয়ান তারকা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে চান।
গত এপ্রিলে অ্যান্ডারলেখট এর বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে অংশগ্রহণের সময় গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েন ৩৬ বছর বয়সি সাবেক সুইডিশ অধিনায়ক।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন করে আরো এক বছরের চুক্তি করার পর ইব্রা বলেন, ‘আমি বলেছিলাম আবার ফিরে আসব এবং যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। প্রথম পর্ব থেকেই আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার এই যাওয়াই শেষ যাওয়া নয়। আমার লক্ষ্য প্রিমিয়ার লিগ। এটি দিয়েই আমি সমাপ্তি টানতে চাই। সুতরাং প্রথম সেশনে আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করে দ্বিতীয় পর্বের শেষ অবধি যেতে চাই। ‘
হাাঁটুর ওই ইনজুরি ইব্রার ভবিষ্যৎকেই অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছিল। ক্লাবের সঙ্গে তিনি মাত্র ১ বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন।
ইব্রা বলেন, ‘ওই সময় আমার ফিরে আসার কথা বলাটা সহজই ছিল। কারণ তখন আমি সেটিকে চ্যালেঞ্জে হিসেবে নিয়েছিলাম। আমার কখনো এত গুরুতর ইনজুরি হয়নি। সবাই বলছিল বয়সের কারণে আমার সব শেষ হয়ে গেছে। এমন অনিশ্চিয়তা আমার পুরো ক্যারিয়ারে আসেনি। তবে সেটিই আমার মধ্যে শক্তি জুগিয়েছে। আমাকে চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করেছে। ‘
গত মৌসুমে ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন ইব্রাহিমোভিচ। ক্লাবের হয়ে ৪৬টি ম্যাচে ২৮টি গোল করেন তিনি। যে কারণে কম্যুনিটি শিল্ড, লিগ কাপ এবং ইউরোপা লিগের শিরোপা জয় করতে সক্ষম হয় ম্যানইউ। ইব্রা বলেন, ‘আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে চাইনা। আমি সেই পথেই হাঁটতে চাই যে পথ আমার পছন্দের। সামনে যতই প্রতিবন্ধকতা আসুক, সেগুলোকে মোকাবেলা করাই আমার লক্ষ্য। ‘













