এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের মূল্য লক্ষ্য উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্প থেকে দূরে রাখা। ট্রাম্প প্রশাসন আশা করছে, সফর শেষে ওয়াশিংটনে একটা ভাল ফল বয়ে আনবেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর। খবর সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেই সতর্ক করে দিয়েছেন, উত্তর কোরিয়া নিয়ে সময় শেষ হয়ে যাচ্ছে। ১২ দিনের এশিয়া সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবশালী দেশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করবেন। এই সাক্ষাতে ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে তাদেরকে নিজের মতে আনতে পারবেন বলে আশা করছে মার্কিন প্রশাসন। প্রথমদিনের সফরে আজ জাপানে পৌছাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাপানও উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মুখে আছে। প্রেসিডেন্ট চীন ও রাশিয়াকে উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্প থেকে সরে আসতে চাপ দিতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে উত্তর কোরিয়া নিয়ে বিশ্ব নেতাদের সুস্পষ্ট বার্তা দিতে হবে। কারণ তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যখন কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন, তখন তিনি সামরিক অভিযানের কথা বলছেন। এ নিয়ে অনেকেই দ্বন্দ্বের মধ্যে আছেন। ট্রাম্প জাপান, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন সফর করবেন। ১৪ নভেম্বর তার সফর শেষ হবে।













