বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি : হানিফ

529

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হয়নি।

তিনি বলেন, সরকারের বাধার কারণে নয়, বিএনপির সিপিএ সম্মেলনের কারণে বিএনপির সমাবেশ পিছিয়েছে।

তাদের এ সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। কিন্তু বিএনপি এ নিয়ে এখন মিথ্যাচারের রাজনীতি করছে।

হানিফ আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে, দেশকে এখনও পাকিস্তানি তাঁবেদার রাষ্ট্র পরিণত করতে চায়, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নেতারা মিথ্যাচার শুরু করেছেন উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। তবে বিএনপি আগামী নির্বাচনকে ঘিরে এখনই নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। এ জন্য থানা-ওয়ার্ড এবং পাড়া-মহল্লার প্রতিটি নেতাকর্মীকে সব সময় সতর্ক থাকতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY