ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ চেয়ারপারসন নির্বাচিত

518

কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন’র (সিপিএ)  চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া মোনজোয়া লিফানকা। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬৩তম সিপিসি’র জেনারেল অ্যাসেম্বলিতে প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি।

 

সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা করতে গিয়ে বলেন, “এবারের চেয়ারপারসন নির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। আর সিপিএ’র মোট ২১২ ভোটের মধ্যে প্রতিনিধিরা ১৯২টি ভোট প্রদান করেন। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিফানকা সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিউজিল্যান্ডের কুক আইল্যান্ডের নিক্কী র‌্যাটেল ৭০ ভোট পেয়েছে। আর মোনস্রাটের এমএলএ সারলি এম অসবরন পেয়েছেন ১৫ ভোট।

সম্মেলন স্থলে নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নাচ-গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করেন। তারা স্বাগত জানান নবনির্বাচিত সিপিএ চেয়ারপারসনকে। এ সময় অ্যামেলিয়া আফ্রিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে সিপিএ’র অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করার আশা প্রকাশ করেন।

ক্যামেরুনের ডেপুটি স্পিকার লিফানকা বর্তমানে সিপিএ’র নির্বাহী কমিটির বর্তমান ভাইস চেয়ারপারসন।

তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন। নবনির্বাচিত চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ৬৩তম সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি সিপিএ’র নতুন ধারণা নিয়ে এগিয়ে যাবেন  বলে আশা প্রকাশ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY