মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন চলছে। গতকাল বুধবার পর্যন্ত ৭ লাখ ২ হাজার ১০৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিবন্ধিত হয়েছে।
বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ইউএনএইচসিআর-এর কর্মীরা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছেন। এই বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন।
আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন বলেন, উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের এই নিবন্ধনের আওতায় আনা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়।













