অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নাকের হাড় ভেঙে নিয়েছিলেন দুই সপ্তাহ আগে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাই দেখা গেল ‘নতুন’ সার্জিও রামোসকে—মুখে কালো রঙের মুখোশ। হয়তো সাবধান থাকতেই পরেছিলেন। সেই মুখোশের আড়াল থেকে যথারীতি ‘আসল’ রামোস বেরিয়ে এসেছেন নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে। বিলবাও স্ট্রাইকার আরতিজ আদুরিজকে কনুই মেরে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড; মানে, লাল কার্ড! রিয়ালও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে।
তার আগে রাউল গার্সিয়াকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তখন থেকেই ক্ষণগণনার শুরু। লা লিগায় সবচেয়ে বেশিসংখ্যক লাল কার্ড দেখার রেকর্ডটা একার করে নিতে পারবেন তো রামোস! শেষ পর্যন্ত ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড রামোসকে এনে দেয় সেই লজ্জার রেকর্ড—লা লিগায় সর্বোচ্চ ১৯ বার লাল কার্ড দেখা একমাত্র খেলোয়াড়!
স্প্যানিশ ডিফেন্ডারটি তাই এখন শুধু রিয়াল রক্ষণভাগের অতন্দ্রপ্রহরীই নয়, সঙ্গে লা লিগায় লাল কার্ডেরও ‘রাজা’। স্পেনের শীর্ষস্থানীয় লিগে তাঁর মতো এত লাল কার্ড দেখেনি আর কোনো ফুটবলার! বিলবাওয়ের বিপক্ষে রেফারির ‘মার্চিং অর্ডার’ পাওয়ার আগে রামোস সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন গত আগস্টে।
দেপোর্তিভো লা করুণার বিপক্ষে সেই ম্যাচে লা লিগা ক্যারিয়ারের ১৮তম লাল কার্ড দেখেছিলেন রিয়াল তারকা। তখন পাবলো আলফারো আর জাভি আগুয়াদোর সঙ্গে লা লিগায় সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ডটা ভাগাভাগি করেছিলেন। বিলবাওয়ের মাঠে লজ্জার সেই রেকর্ডটা নিজের করে নিতে রামোসের সময় লাগল মোটে চার মাস।
রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪টি লাল কার্ড দেখেছেন রামোস। মজার ব্যাপার হলো, ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড দেখা খেলোয়াড়টিও মাঠের পজিশনে রামোসের মতোই ডিফেন্ডার এবং সাবেক অধিনায়ক। তিনি ফার্নান্দো হিয়েরো (১২ বার)। অর্থাৎ রিয়ালের সাবেক অধিনায়কের তুলনায় এরই মধ্যে দ্বিগুণ লাল কার্ড দেখেছেন রামোস।
কিন্তু সবচেয়ে বেশি নয়। ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি লাল কার্ড দেখেছেন কলম্বিয়ার সাবেক ডিফেন্ডার জেরার্দো বেদোয়া। তবে রামোস যে গতিতে ছুটছেন, অবসর নেওয়ার আগে হয়তো বেদোয়ার রেকর্ডকেও ধরে ফেলবেন! সূত্র: ইএসপিএন













