পরমাণু কেন্দ্রে মিসাইল হামলার খবরে তোলপাড় আরব দুনিয়া

428

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। এমনই সংবাদে আরব দুনিয়া তোলপাড়।

আলোড়িত আন্তর্জাতিক মহল।

আল জাজিরা জানাচ্ছে, হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বারাখা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে। ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হুথি।

যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে আমিরাতের সরকার। এবং তারা তাদের পরমাণু কেন্দ্রের একটি অক্ষত ছবিও প্রকাশ করেছে। এই খবর জানাচ্ছে গালফ নিউজ।

যদিও আরও কিছু সংবাদ সংস্থার দাবি, এই হামলার বিষয়টি স্পষ্ট নয়। এদিকে আল জাজিরা জানাচ্ছে, আমিরাতের রাজধানী শহর আবুধাবির ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেই মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা দখল করেছে হুথি বিদ্রোহীরা।

তাদের বিরোধিতা করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট সেনারা পাল্টা হামলা চালাচ্ছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা রয়েছে হুথিদের দখলে। হুথি বিরোধী আরব জোট সেনার অন্যতম শরিক সংযুক্ত আরব আমিরাত।

হুথিদের সমর্থন করে ইসলামি সাধারণতন্ত্র বা ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর হুথিদের বিরোধিতা করে রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব। ফলে ইয়েমেনের গৃহযুদ্ধ ঘিরে মুসলিম দুনিয়া আড়াআড়ি বিভক্ত। সেখানকার নির্বাচিত সরকারের প্রধান মনসুর আল হাদিকে ফের ক্ষমতায় বসাতে মরিয়া সৌদি আরব।

NO COMMENTS

LEAVE A REPLY