সাংবাদিকদের এলজিআরডিমন্ত্রী ‘আনিসুল হকের উদ্যোগগুলো বাস্তবায়ন করবে সিটি করপোরেশন’

717

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুতে তার নেওয়া নানা উদ্যোগের কোনোটাই থেমে যাবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আনিসুল যে স্বপ্ন দেখিয়েছিলেন সেগুলোর যেন বাস্তবায়ন হয়, সে জন্য তার মন্ত্রণালয় বিশেষ নজরদারি করবে।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন মন্ত্রী।

আনিসুল হকের নেওয়া উদ্যোগগুলো হলো-পানি নিষ্কাষণের খাল উদ্ধার, আবদুল্লাহপুর-সাতরাস্তা সড়কে ১১টি ইউলুপ নির্মাণ, নগরীর বাস সেবাকে কয়েকটি কম্পানির অধীনে এনে উন্নত বিশ্বের মতো করে চালানো। এর মধ্যে গত মে মাসে ইউলুপের কাজ শুরু হয়েছে, গণপরিবহন ব্যবস্থা পাল্টে দেওয়ার বিষয়টি নিয়েও আলাপ-আলোচনা অনেকদূর এগিয়েছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আনিসুল হকের যে উদ্যোগ তা ব্যক্তিগত হলেও সেটি বাস্তবায়ন করবে সিটি করপোরেশন। আর তার উত্তরাধিকার হিসেবে যিনি আসবেন তাকে আনিসুল হকের গড়ে দেওয়া ফাউন্ডেশনের (ভিত্তি) মধ্যে থেকেই কাজ করতে হবে। তাহলে তার অসমাপ্ত কাজ শেষ হবে। ’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি এমন কেউ আসবে না যিনি তার এই সুন্দর উদ্যোগ বাস্তবায়ন করবেন না। ’

আনিসুল হকের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত; এ রকম একজন উদ্যমী মেয়রকে হারালাম। সিটি করপোরেশনের ইতিহাসে এ রকম উদ্যমী এবং দক্ষ মেয়র আমরা কখনো পাইনি।

তাকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের। ’

আনিসুল হকের নানা উদ্যোগ তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ‘তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে ঢাকার মানুষকে যানজটমুক্ত নগরী এবং গাবতলীতে অবৈধ দখল উচ্ছেদ করে দক্ষিণ অঞ্চলে সহজে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছিলেন, তা প্রশংসনীয় উদ্যোগ ছিল। এছাড়া তিনি গ্রিন ঢাকা গড়তে ব্যাপক কর্মপরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করেছেন, যা নগরবাসী স্বাচ্ছন্দে গ্রহণ করেছেন। ’

এলজিআরডি মন্ত্রী জানান, আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদ শূন্য ঘোষণা হয়েছে এবং ৯০ দিনের মধ্যে মেয়র পদে ভোট হবে। এ বিষয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

NO COMMENTS

LEAVE A REPLY