প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে গেছে ইংলিশ জায়ান্ট চেলসির। শনিবার লিগ ম্যাচে ওয়েস্টহ্যামের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তার দল। এই হারের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। একটি করে কম ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে ২য় এবং ম্যানচেস্টার সিটি ৪৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
লন্ডন স্টেডিয়ামে এই হারের ফলে লিগের এ পর্যন্ত ১৬ ম্যাচের মধ্যে ৪ টিতে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টোর সিটির সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে নীল জার্সির দলটি।
হতাশ চেলসি বস আন্তনিও কন্তে বলেন, ‘এই হারের পর লিগ শিরোপা জয়ের বিষয়ে কথা বলাটা বিস্ময়কর মনে হবে। বিশেষ করে ১৬ ম্যাচের মধ্যে চতুর্থ পরাজয়ের পর। এমন একটি লিগ সূচনার পর শিরোপা জয়ের চিন্তা করাটা আকাশ-কুসুম কল্পনার সামিল। ‘
কন্তে বলেন, ‘আপনি যদি শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেন, তাহলে আপনি বড়জোর একটি বা দুটি ম্যাচে হারতে পারেন।
কিন্তু ১৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের পর এটাই বোঝা যায় যে, আপনি মোটেও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুরু করেননি। আপনি যদি এমন একটি টুর্নামেন্টের শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে চান তাহলে আপানার মধ্যে অবশ্যই ধারাবাহিকতা থাকতে হতো। আমাদের ক্ষেত্রে এমনটি মোটেই ঘটছে না। ‘
চেলসি কোচ পরিষ্কার ভাষায় বলেন, ইউরোপীয় ফুটবলের যে চাহিদা রয়েছে, সে অনুযায়ী বর্তমান স্কোয়াডে কোনো বিকল্প অস্ত্রের যোগান নেই। সর্বশেষ দল বদলের সময় তার ক্লাব আরো তারকা ফুটবলার দলভুক্ত করতে ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই ইতালিয় কোচ।
৪৮ বছর বয়সী কন্তে বলেন, ‘দলর ফুটবলারদের বেশিরভাগই এখন ক্লান্ত। আর এই ফুটবলারদের নিয়েই আমরা মৌসুম পূর্ব খেলা শুরু করেছি! এরাই দলের জন্য প্রায় সবগুলো খেলায় অংশগ্রহণ করে আসছে। এর ফল অবশ্যই আপানকে ভোগ করতে হবে। আমি আগেও বলেছি, এটি আমাদের জন্যই খুবই কঠিন হবে। ‘













