এক ব্যাগ রক্তের জন্য এত হয়রানি

682

রোগীর শরীরে অস্ত্রোপচার হয়েছে। রক্তের প্রয়োজন। স্বজনেরা দৌড়ে আসেন হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগে। তাঁদের ‘ও পজিটিভ’ রক্তের দরকার। রক্ত সঞ্চালন বিভাগের কর্মচারীরা তাঁদের বলেন, যেকোনো গ্রুপের রক্ত দিলে বিনিময় করে ‘ও পজিটিভ’ রক্ত দেবেন।

কিছুক্ষণ পরই রোগীর দুই স্বজন রক্ত দিতে আসেন। তখন তাঁদের বলা হয়, হাসপাতালে ‘ও পজিটিভ’ রক্ত নেই। বাইরের একজন রক্তদাতা আছেন। দেড় হাজার টাকা দিলে তিনি রক্ত দিতে পারেন। এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত রোববার রাতের ঘটনা।

রোগীর স্বজনের নাম লিটন আলী। তাঁর বাড়ি রাজশাহীর বাঘার পীরগাছা গ্রামে। তিনি সবজি বিক্রেতা। ওই দিন রাতে হাসপাতালে তাঁর স্ত্রী মিতার অস্ত্রোপচার করে বাচ্চা হয়েছে। লিটন বলেন, হাসপাতালে যেকোনো গ্রুপের রক্ত বিনিময় করে নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য তিনি এক ব্যাগ রক্ত দেড় হাজার টাকা দিয়ে কিনতে চাননি। এ ছাড়া তাঁর কাছে ওই পরিমাণ টাকাও ছিল না। কিন্তু তাঁরা কিছুতেই রক্ত সঞ্চালন বিভাগ থেকে রক্ত দিচ্ছিলেন না। এদিকে অস্ত্রোপচার কক্ষ থেকে তাড়াতাড়ি রক্ত চেয়ে খবর পাঠানো হচ্ছিল। যে কর্মচারী প্রথমে তাঁদের বলেছিলেন, ‘ও পজিটিভ’ রক্ত রয়েছে। তিনিই পরে অস্বীকার করেন। ওই কর্মচারী তাঁদের দেড় হাজার টাকা দিয়ে বাইরের লোকের কাছ থেকে রক্ত নেওয়ার পরামর্শ দেন।

NO COMMENTS

LEAVE A REPLY