বগুড়ায় উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন হয়েছে। সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-সমর্থিত (মোস্তফা আলম-রেজাউল আলম পরিষদ) প্যানেল ২৩টি পদের সব কটিতে বিজয়ী হয়েছে।
শহরের মোহাম্মদ আলী হাসপাতালসংলগ্ন আইএইচটি মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মনোনীত শাহ্ মো. শাহজাহান-আলীÑইকবাল হাসান পরিষদের প্রার্থীরা সবগুলো পদে পরাজিত হন।
সভাপতি পদে ৪৮৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন মোস্তফা আলম। ড্যাব-সমর্থিত প্রার্থী শাহ্ মো. শাহজাহান আলী পেয়েছেন ২৩২ ভোট। অন্যদিকে ৬৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক রেজাউল আলম।
অন্য বিজয়ীরা হলেন আবদুল হাকিম ও জাহাঙ্গীর আলম সহসভাপতি, মনিরুজ্জামান আশরাফ যুগ্ম সাধারণ সম্পাদক, অসীম কুমার সাহা সাংগঠনিক সম্পাদক, মাহবুবুর রহমান দপ্তর সম্পাদক, সুশান্ত কুমার সরকার বিজ্ঞান বিষয়ক সম্পাদক, এ টি এম নুরুজ্জামান প্রচার ও গণসংযোগ সম্পাদক, শফিক আমিন সমাজকল্যাণ সম্পাদক, এ টি এম বশির আহাম্মদ সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক, নূর আলম গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব, আবদুল্লাহ আল বারী, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, অলোক চন্দ্র সরকার, তন্ময় বর্মণ, আশরাফুল ইসলাম, মজিবর রহমান, মোস্তফা মাহবুব মোর্শেদ ও কে এম জিসাদ কবীর।
জেলা স্বাচিপের সভাপতি সামির হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচন ঘিরে এক মাস ধরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ জেলার ২০টি সরকারি হাসপাতাল এবং আড়াই শ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন পরিচালনা করেন শাজাহান আলী সরকার, আবদুল ওয়াদুদ, মোতারব হোসেন এবং তোফাজ্জল হোসেন মণ্ডল।












