বুধবার মুক্তি পেয়েছে সালমান খান-ক্যাটরিনা কাইফের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম পোস্টার। গ্রিস, আবু ধাবি, অস্ট্রিয়ার মতো জায়গায় শুটিং দৃশ্যের বিভিন্ন ছবি শেয়ারের পর প্রকাশ্যে এসেছে পোস্টার।
একেবারে মারমুখী মুর্তিতে পোস্টারে ধরা দিয়েছেন সালমান-ক্যাট। দু’জনেই ‘ওয়ারজোন’-এ দাঁড়িয়ে বন্দুক চালাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বিস্ফোরণ ও হেলিকপ্টার ভেঙের পড়ার দৃশ্য। বলিউডের ‘ভাইজান’ নিজেই টুইটারে শেয়ার করেছেন ছবির পোস্টারটি।
কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘এক থা টাইগার’-এর তুলনায় অনেকটাই বড় মাপের ছবি হতে চলেছে টাইগার জিন্দা হ্যায়। এটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। ভারতীয় সিনেমায় এরকম ছবি আগে হয়নি। একটি সত্য ঘটনা থেকেই এই ছবির প্লট তৈরি। সল্লু ভাইয়ের ছবি মানেই ‘লার্জার দ্যান লাইফ’।
কবীর খান পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছর ২২ ডিসেম্বর।













