জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক সম্মান শ্রেণির ২০১৭- ২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের
বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনের ভর্তি পরীক্ষা বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুনা লায়লা এ রায় দেন।
ভর্তি পরীক্ষায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে জালিয়াতি চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগে পরীক্ষা বাতিলকৃতরা হলেন শওকত হোসেন চৌধুরী (রোল নম্বর ১০৬৯৭৭), মো. নাজমুল ইসলাম (রোল নম্বর ১০৫৩১৭), মো. মেহেদী হাসান মিতুল (রোল নম্বর ১০৮২৬৮), আয়েশা আক্তার (রোল নম্বর ১০২৫৮৬) এবং মো. রেদোয়ান ইসলাম (রোল নম্বর ১৩৪৬৭০)। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় এসব পরীক্ষার্থী আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ভর্তি পরীক্ষা আরম্ভ হবার পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের গেইটের সামনে শওকত হোসেন ও আয়েশা আক্তার লতাকে মোবাইলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন পড়া অবস্থায় মোবাইলসহ আটক করে প্রক্টররিয়াল বডি। তবে মোবাইল রেখে তাদেরকে পরীক্ষা দিতে দেয় কর্তৃপক্ষ। পরীক্ষা শেষে তাদেরকে ডেকে প্রক্টর কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে আয়েশা আক্তার ও শওকত হোসেন লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের পরীক্ষা বাতিলের রায় দেন।
এদিকে, একই অভিযোগে মুসলিম গভর্নমেন্ট স্কুল কেন্দ্রে আরও দুই ভর্তিচ্ছু নাজমুল ইসলাম ও মেহেদী হাসান নামের শিক্ষার্থীর ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, “পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তাদেরকে আটক করা হয়।
তাদের হাতে কিছু লেখা ছিল যেগুলো পড়ছিল। মোবাইলেও কিছু পাওয়া গেছে, যেখান থেকে কয়েকটা কমন পড়েছে। পরে তাদের মোবাইল জব্দ করে, পরীক্ষার দিতে দেওয়া হয়। পরীক্ষা শেষ হলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ডাকা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের পরীক্ষা বাতিলের রায় দেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যারয়সহ একযোগে ২৭টি পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত) ৭৯৭টি আসনের বিপরীতে ৫৯ হাজার ৪৩৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।













