চীনের স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে অনেক দিন আগেই। আর সেটি নাকি ক্রমশ নেমে আসছে পৃথিবীর দিকে।
এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই সেটি আছড়ে পড়বে পৃথিবীতে।
হার্ভার্ডের অ্যাস্ট্রোফিজিসিস্ট জোনাথন ম্যাকডোয়েল বলেন, খুব দ্রুত পৃথিবীর দিকে নেমে আসছে এটি। চলতি বছরের শেষেই কিংবা ২০১৮র শুরুতে পৃথিবীর বুকে আছড়ে পড়বে সেটি। তিয়াংগং-১ নামে ওই স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১১ তে।
চীনের মহাকাশ বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলেন সেটি। গ্লোবাল সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা পেতেই এই স্পেস স্টেশন তৈরি হয়। চীন ওই স্পেস স্টেশনকে “Heavenly Palace” বলে উল্লেখ করেছিল। এটিকে সামনে রেখে একাধিক অভিযানও চালায় বেইজিং।
বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু অবশেষে সেই ‘স্বর্গ’ নেমে আসছে ‘ধরণী’তে।
কোথায় গিয়ে পড়বে স্পেস স্টেশনটি সেটা কোনও ইঞ্জিনিয়ার বুঝতে পারছেন না। তবে আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি। তবে অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে। তবে ১০০ কেজির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।













