খুলনার সাংসদ মোস্তফা রশিদী সুজা আর নেই

719

পুরোদেশ প্রতিবেদন
চলে গেলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা। তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ মোস্তফা রশিদী সুজা কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়ে কিডনি প্রতিস্থাপন করিয়ে এসেছিলেন। দেশে ফেরার পর খুলনার শহীদ হাদিস পার্কে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয় সুজার বড় ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ জানিয়েছেন।

খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে তিনবার সংসদে দায়িত্ব পালন করা মোস্তফা রশিদী সুজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মোস্তফা রশিদী সুজা খুলনা-৪ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন ১৯৯১ সালে। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান।

বাম সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মোস্তফা রশিদী সুজা। এই আওয়ামী লীগ নেতা খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন খুলনা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া খুলনা নাট্য নিকেতনসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন আজীবন।

ডেস্ক/এএইচকে/এমএসকে

NO COMMENTS

LEAVE A REPLY