মেডিকেল কলেজে আরো ৫০০ আসন

1093
File Picture

পুরোদেশ প্রতিবেদন
সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা আরো ৫০০ বাড়ছে।জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।”

বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮টি আসন রয়েছে। এক যুগ পর আসন বাড়ছে এবার। বাড়তি আসনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আসন্ন শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এক সভায় অনুষ্ঠিত হয় সচিবালয়ে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, “ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, সরকারি মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের শয্যা সংখ্যা বিবেচনা করে গুণগত চিকিৎসা শিক্ষা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”

সংবাদসূত্র: বিডিনিউজ

(ডেস্ক/এমএইচকে)

NO COMMENTS

LEAVE A REPLY