বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ১০ কোটি পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে ‘মোদি কেয়ার’ নামে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, এটা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এর সুবিধার আওতায় আসবে।
এই কর্মসূচির মাধ্যমে ৫০ কোটি দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। কর্মসূচির আওতায় মানুষের মারাত্মক রোগের চিকিৎসার জন্য বছরে ৫ লাখ রুপি করে বরাদ্দ দেয়া হবে।
প্রাথমিকভাবে ভারতের ২৭টি রাজ্যে চালু করা হবে ‘মোদি কেয়ার’। কেন্দ্রীয় সরকার এই খরচের ৬০ শতাংশ বহন করবে। আর ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। নির্বাচনের আগে এমন উদ্যোগ আগামী বছরের জাতীয় নির্বাচনে তার জয়লাভের সুযোগ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।













