প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন সংবাদমাধ্যম দ্য রিয়েল ক্লিয়ার পলিটিক্সে গত শনিবার প্রকাশিত এক কলামে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন।
‘The Truth About Bangladesh’s Upcoming Elections’ শিরোনামের লেখায় জয় জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেছেন।
কলামে তিনি লিখেছেন, সরকারবিরোধীরা দাবি করছে বাংলাদেশের গণতন্ত্র ভেঙে পড়েছে। তারা ২০১৪ সালের নির্বাচনকে বৈধ মনে করে না এবং বলছে আসন্ন নির্বাচনও সেরকম হবে। তারা অভিযোগ করে কয়েকজন বিরোধী রাজনীতিকের গুম হওয়াটা সরকারের ষড়যন্ত্র। তবে তারা ভুল বলছে বলে মন্তব্য করেন জয়।

গত নির্বাচন ঘিরে নানা অভিযোগের পেছনে বিএনপি দায়ী বলে জানিয়েছেন জয়। তিনি লিখেছেন, এটা ছিল তাদের নিজেদের স্বার্থে সাজানো অভিযোগ। নির্বাচনকে বিতর্কিত করতেই সংসদ নির্বাচনের জন্য একজন প্রার্থীও দেয়নি বিএনপি।
গত নির্বাচনের আগের পরিস্থিতি প্রসঙ্গে জয় লিখেছেন, প্রধানমন্ত্রী বিএনপির সাহায্য চেয়েছিলেন কিন্তু, বিএনপি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
তিনি লিখেছেন, বিএনপির অনেক নেতা সে সময় ভোটকেন্দ্রে আগুনবোমা ছুড়ে মারার পথ বেছে নেন। আরও বাজে ব্যাপার হলো, বিএনপি এ বছরের নির্বাচনকেও একইভাবে বিবেচনা শুরু করেছে। বিএনপি আবারও হুমকি দিয়েছে নাগরিক বিক্ষোভ ও সহিংসতা শুরু করার।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হয়ত এসব বিষয় ভুলে গেছে। তবে বাংলাদেশের মানুষ এসব ভালোভাবেই জানে বলে মন্তব্য করেন জয়।













