বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার জাতীয়তাবাদী দর্শনেও বলা হয়েছে, এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো ধর্মের বা বর্ণের নয়। বরং এ দেশে বসবাসরত সবারই। সেজন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, আমি সংখ্যালঘুতায় বিশ্বাস করি না। এখানে যারা বাস করেন সবাই বাংলাদেশি। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই দেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বলে কিছু নেই।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মানুষকে ভোটের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে। আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এটা কোন দলের নয়, জাতির সংকট। আজকে দেশকে বিভক্ত করা হয়েছে। এই রাজনীতি আমরা চাই না। ঐক্যের রাজনীতি চাই। স্বাধীনতার ৫২ বছর পর কেন ভোটের জন্য যুদ্ধ করতে হবে?
শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম, রমেশ চন্দ্র সেন, তরুণ দে, জয়দেব জয়, মিল্টন বৈদ্য, অমলেন্দু দাস অপু, অপূর্ব হালদার অপু, মৃণাল বৈদ্য, মহানগর সার্বজনীন পূজা কমিটির মনিন্দ্র কুমার নাথ প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশের যে সংকট সেটা কিন্তু শুধু বিএনপির বা ব্যক্তির নয়। এই সংকট পুরো জাতির। মুসলমানদের ঈদ বলেন আর হিন্দুদের পুজা বলেন, ধর্ম যার যার উৎসব ও রাষ্ট্র কিন্তু সবার। এই দেশে ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়, এটাই আহ্বান। সকল ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি।













