তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গববন্ধুর রক্তঋণ পরিশোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে।
বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে জাসদের গণমিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
ইনু বলেন, আগস্ট জাতির জন্য সবচেয়ে কঠিন শোকের মাস। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই আগস্টে বারবার আঘাত হেনেছে দেশ ও জাতির উপর। আগস্ট জাতির উপর সমচেয়ে বড় ষড়যন্ত্রমূলক আঘাতের মাস। আগস্টেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সংবিধানকে পদদলিত করা হয়েছিল, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা হয়েছিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনি, ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির ধারক-বাহকেরা এখনো বাংলাদেশের উপর আঘাত হানছে, জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে।
গণমিছিলপূর্ব এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি













