আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাসায় অসুস্থ আছেন। গতকাল মঙ্গলবার উনাকে ডাক্তার দেখতে যান। আজকেও ডাক্তার দেখতে যাওয়ার কথা আছে।তাঁর এই অসুস্থতা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী। আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বিচারপতির ছুটি নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তিনি অসুস্থ, এটা নিয়ে রাজনীতির কিছু নেই। আসুন আমরা সবাই মিলে বিচারপতি এস কে সিনহার সুস্থতার জন্য দোয়া করি। বিএনপির নেতৃবৃন্দকে বলব, আসেন দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে যান।’ আইনমন্ত্রী জানান, চিকিৎসকের সঙ্গে তাঁর কথাবার্তা হচ্ছে। যখন দেখতে যাওয়ার মতো অবস্থা হবে, তখন তিনি বিচারপতি এস কে সিনহাকে দেখতে যাবেন।
সংবাদ বিফ্রিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটির আবেদনে কী আছে, তা-ও তুলে ধরেন।
রাষ্ট্রপতি বরাবর লেখা ওই আবেদনে এস কে সিনহা বলেন, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গত বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতিপূর্বে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন। ফলে আমি ৩ অক্টোবর হতে ১ নভেম্বর, ২০১৭ পর্যন্ত ৩০ দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমত অবস্থায় ৩ অক্টোবর হতে ১ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’













