বোলারদের কেন ধুয়ে দিয়েছেন জানালেন মুশফিক

666
file photo

পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের বিশেষজ্ঞ বোলারদের এতটাই ত্রাহি দশা, ম্যাচে সবচেয়ে ভালো বোলিং করেছেন একজন ‘ব্যাটসম্যান’! দলে মুমিনুল হক খেলেনই তো টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। পচেফস্ট্রুমে চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনে তিনিই কিনা তুলে নিলেন ৩ উইকেট। বোলারদের লজ্জা কিছুটা ঢাকতে পারলেন মুমিনুলই!

দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানে হারের পর বোলারদের ওপর কথার চাবুক কষেছেন মুশফিকুর রহিম। কেন সেদিন সমালোচনায় ধুয়ে দিলেন নিজ দলের বোলারদের, ব্লুমফন্টেইন টেস্টের আগে আজ সেটির ব্যাখ্যা দিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘খারাপ করলে মানুষ বলবে সেটাই স্বাভাবিক। অধিনায়ক হিসেবে আমি ফল নিয়ে কখনো উদ্বিগ্ন থাকি না। প্রক্রিয়াটা নিয়েই বেশি চিন্তা করি। বোলাররা নিজেদের সামলে উঠতে পারে, সেই সুযোগ আছে। একটা বলে মনোযোগ সরে গেলে আউট হয় যেতে হয় ব্যাটসম্যানদের। কিন্তু বোলারদের ফিরে আসার অনেক সুযোগ থাকে। আমার বার্তা এটাই ছিল, ফল নিয়ে চিন্তা না করে প্রতিটি বলকে একটা সুযোগ ভেবে যদি চেষ্টা করে, সেটা শুধু দলের নয়, নিজেদেরও অনেক কাজে দেবে। তারা যদি আমার বার্তাটা বোঝার চেষ্টা করে, আশা করি ঘুরে দাঁড়াতে পারবে এই টেস্টে।’

পচেফস্ট্রুমে পেসার ও বিশেষজ্ঞ অফস্পিনারের ব্যর্থতা, পাশাপাশি প্রতিপক্ষ দলের একজন বাঁহাতি স্পিনারের সাফল্যে একজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিন প্রয়োজনীয়তা কতটা অনুভব করেছেন মুশফিক? অধিনায়কের ভাবনা অবশ্য ভিন্ন, ‘দলে যখন সাকিব থাকবে না, অবশ্যই আপনাকে কিছু কিছু ব্যাপার মেনে করতে হবে। তাইজুল খেললে ভালো না করলে তখন হয়তো বলতাম একজন অফ স্পিনার থাকলে ভালো হতো। মুমিনুল অবশ্যই ভালো বোলিং করেছে। তবে ব্যাটসম্যানরা কমবেশি তাকে উইকেট দিয়ে এসেছে। তবে আমাদের জন্য প্লাস পয়েন্ট মুমিনুলের মতো একজন বোলার আমরা পেতে যাচ্ছি, যেটা আমাদের সামনে সহায়তা করবে। এটা বিবেচনায় রেখে সেরা সমন্বয় (কাল) দাঁড় করানোর চেষ্টা করব।’
মুশফিকের জন্য বড় দুঃসংবাদ, এই টেস্টে খেলছেন না চোটে পড়া তামিম ইকবাল। বাঁহাতি ওপেনারকে হারানো বড় ক্ষতি মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘যখন আপনার দলে সেরা একজন খেলোয়াড় থাকবে না, সেটা অবশ্যই বড় ক্ষতি। যেখানে তাকে খুবই দরকার ছিল। কারণ, প্রথম টেস্টে আমরা বাজে ভাবে হেরেছি। তবুও সময় কারও জন্য থেমে থাকে না। এটার ওপর আমাদের কারও হাত নেই। যারা আছি, তারা যদি সুযোগ কাজে লাগাই, বোলাররা ভালো জায়গায় ধারাবাহিক বোলিং করতে পারে, তবে এটা ভালো টেস্ট হবে।’

সংবাদ সূত্র: প্রথম আলো

NO COMMENTS

LEAVE A REPLY