পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর পথে যে আলোর বিন্দু দেখা গিয়েছিল সেটি আবারও নিভে যেতে বসেছে। ২০০৯ সালে এই লঙ্কান ক্রিকেটারদের বাসে হামলার পর থেকে আর কোনো দল পাকিস্তানে যায় না।
সেই শ্রীলঙ্কাকে দিয়েই জঙ্গি আক্রান্ত দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেয়েছিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ঠিক হয়েছিল সূচিও। কিন্তু এবার বেঁকে বসলেন ক্রিকেটাররা!
‘ন্যাড়া দুবার বেলতলায় যায় না’ – এই প্রবাদটি না জানলেও বোর্ডের কাছে লিখিতভাবে পাকিস্তান যেতে অস্বীকৃতি জানাল শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এক-দুজন কিংবা ১০-১২ জন নয়; ওই চিঠিতে সই করেছেন ৪০ জন ক্রিকেটার। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে চলতি সিরিজের দল ও চুক্তিতে থাকা ক্রিকেটাররা আছেন। কিন্তু কয়েকদিন আগে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসা থিসারা পেরেরা সেই চিঠিতে সই করেননি।
পাকিস্তানের ‘ঘরের মাঠ’ দুবাইয়ে চলছে পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ আবুধাবিতে আর ২৯ অক্টোবর শেষ ম্যাচটি হওয়ার কথা লাহোরে।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিতভাবে ফিরিয়ে নিতে পিসিবির উদ্যোগের অংশ এটি। কিন্তু ওই ম্যাচটি নিয়েই আপত্তি জানিয়েছে ক্রিকেটাররা। লিখিত আপত্তিনামা দেখে দ্রুত ক্রিকেটারদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।













