রাজধানীর মতিঝিলে দীপন চন্দ্র শীল (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। ১২৬/১ গোপীবাগ আরকে মিশন রোডের চতুর্থ লেনের বাসায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দীপনের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তার বাবা প্রেমানন্দ শীল সেলুনে কাজ করেন।
মতিঝিল থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, ওই বাসার একটি মেসে দীপনসহ তিন বন্ধু থাকতেন। বন্ধু দীপ্ত মোহন দাসের বরাত দিয়ে এসআই জানান, দীপন নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। মেডিক্যালে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরপর থেকে তার মধ্যে হতাশা বিরাজ করছিল।
শনিবার সকালে দীপ্ত ও তার অপর বন্ধু বুয়েটে পরীক্ষা দিতে যান। দুপুর একটার দিকে দীপ্ত ও তার বন্ধু বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।
এক পর্যায়ে জানালা দিয়ে উকি দিয়ে তারা দেখেন, দীপন ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দীপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।













