শ্রীলঙ্কা দলের সফর উপলক্ষে কঠোর নিরাপত্তায় সাজছে পাকিস্তান

548

এক ভুল নিশ্চয়ই দুবার করতে চায় না পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে একঘরে করে রেখেছে ক্রিকেট বিশ্ব।

এর মাঝে কেবল খর্বশক্তি জিম্বাবুয়ে একবার সফরে গিয়েছিল। তারপর আর কেউ না। এবার সেই শ্রীলঙ্কা দলকে পাকিস্তানে ডেকে এনে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পদক্ষেপ নিয়েছে পিসিবি।

আগামী ২৯ অক্টোবর পাকিস্তানের মাটিতে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই ম্যাচ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। আরও কয়েকদিন আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা লাহোর। স্টেডিয়াম এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। গ্যালারির প্রতিটি ফাঁকফোকর খুঁটিয়ে দেখা হচ্ছে।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘এটি পাকিস্তানের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার শতভাগ নিশ্চয়তা দিয়েছি আমরা। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। ‘

তবে পাকিস্তানে এই সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ৪০ জন লঙ্কান ক্রিকেটার। শেষ পর্যন্ত প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানে যাচ্ছে শ্রীলঙ্কা। তবে সফরকারী দলের অধিনায়ক থিসারা পেরেরা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি এখানকার নিরাপত্তায় খুবই সন্তুষ্ট। এখানে কোনো সমস্যা নেই। ‘ পেরেরা গত মাসে বিশ্ব একাদশের হয়ে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY