পৃথিবী গোল, তা এখনও বিশ্বাস করে পৃথিবীর বহু মানুষ। তারা ‘ফ্ল্যাট আর্থ’ আন্দোলনের সঙ্গে যুক্ত। তাদের দাবি, পৃথিবী হল একটি থালার মতো। সেটা বহন করছে চারটি হাতি। তারা আবার বসে আছে এক বিশাল কাছিমের ওপর! বিবিসি।
পৃথিবীর আকার নিয়ে সনাতন পৌরাণিক কাহিনীতে এমনটাই লেখা ছিল। সুদূর পশ্চিমের আমেরিকা কিংবা পূর্বের চীনের মিথোলজিতেও কাছিম বাবাজি পৃথিবীর ভার বইতে বইতে ক্লান্ত হয়ে পড়ছিলেন।
আধুনিক বিজ্ঞানীরা এসব ধারণা ঝেঁটিয়ে বিদায় করেছেন। সৌরজগৎ, ছায়াপথ, মহাকাশের ধারণা দিয়েছেন তারা।
ফ্ল্যাট আর্থ আন্দোলনের কর্মীদের ধারণা, পৃথিবীর আকার সম্পর্কে ভুল ধারণা দিয়ে তাদের ধোঁকা দেয়ার চেষ্টা করা হচ্ছে। ৯ ও ১০ নভেম্বর নর্থ ক্যারোলাইনার র্যালেইয়ে হয়ে গেল প্রথম ‘ফ্ল্যাট আর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স’।
তারা বিশ্বাস করেন, পৃথিবীর আকার চাকতির মতো। নিজেদের এ মত সবার সঙ্গে ভাগাভাগি করে জানাতেই দুই দিনব্যাপী এ সম্মেলনে হাজির হন তারা। তাদের নেতা হলেন মার্ক সার্জেন্ট। ইউটিউবে এ ভদ্রলোকের প্রায় ৫০ হাজার অনুসারী আছেন।
তাদের সবার দাবি, পৃথিবী গোলাকার- এর সপক্ষে কোনো ছবি তুলতে পারেনি নাসা।
তারা জানাচ্ছে, পৃথিবীর পুরুত্ব নাকি মোটেও হাজার হাজার কিলোমিটার নয়। সর্বোচ্চ ৫০ কিলোমিটার খুঁড়তে পারলেই নাকি চাকতির উল্টো পিঠে যেতে পারবে।













