‘ব্র্যান্ড বাংলাদেশের পরিচিতি বাড়াবে লেদারটেক’

594
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার শুরু হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়া শিল্পের যন্ত্রাংশ ও প্রযুক্তির প্রদর্শনী 'লেদারটেক বাংলাদেশ'

বিশ্ববাজারে ব্র্যান্ড বাংলাদেশের পরিচিতি বাড়াবে চামড়া শিল্পের বড় প্রদর্শনী লেদারটেক। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির বাজার সম্প্রসারণে এ প্রদর্শনী ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের ক্রেতা আকর্ষণের পাশাপাশি দেশের উদ্যোক্তারা নতুন প্রযুক্তির সহায়তা পাচ্ছেন ঢাকায় নিয়মিত আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনী থেকে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হওয়া চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়া শিল্পের যন্ত্রাংশ ও প্রযুক্তির প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনের এ প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় আইসিসিবিতে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, প্রদর্শনীর আয়োজক আসক ট্রেড অ্যান্ড এপিভিশন্সের পরিচালক নন্দ গোপাল কে, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া খাতের উদ্যোক্তারা ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রফতানিতে যেতে চান। তাদের এ লক্ষ্য অর্জনে নীতিগত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের দাবি বিবেচনা করা হবে।

সৈয়দ মঞ্জুর এলাহী সমকালকে বলেন, বিদেশি নামকরা ব্র্যান্ডগুলো আরও বেশি করে বাংলাদেশি পণ্যে আগ্রহী হয়ে উঠেছে। এ প্রদর্শনীর মাধ্যমে ব্র্যান্ড বাংলাদেশের পরিচিতি বাড়বে। তবে এর পাশাপাশি বিশ্ববাজারে চামড়া খাতের পরিচিতি বাড়াতে আরও উদ্যোগ নিতে হবে। শুধু পণ্য রফতানিতে নয়, এ প্রদর্শনী দেশের চামড়া খাতের প্রসারে ভূমিকা রাখছে। দেশে এ খাতের আনুষঙ্গিক পণ্য উৎপাদন হলে আমদানির প্রয়োজন হবে না।

চামড়া শিল্পের বিশিষ্ট এ উদ্যোক্তা বলেন, দেশে শিল্প প্রসারে বড় প্রতিবন্ধকতা জমির দাম বেশি। এ কারণে শিল্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, দেশের অনেক বেকার থাকলেও এ খাতে দক্ষ জনবল পাওয়া যায় না। এদিকে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ব্যবসার প্রসারে অনুকূল পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন করতে হবে। বন্দর থেকে পণ্য খালাসে ৭ থেকে ৮ দিন অপেক্ষায় থাকতে হয়। তা ২৪ ঘণ্টায় হতে হবে। তিনি শিল্পায়নের জন্য সড়ক ও বন্দর উন্নয়ন এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের পরামর্শ দেন।

সাইফুল ইসলাম বলেন, ৩৫ কোটি বর্গফুট চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়, যা মোট চামড়ার ২৫ শতাংশ। রফতানিতে আরও ২৫ শতাংশ ব্যবহার বাড়াতে পারলে ৫ বিলিয়ন রফতানি সম্ভব হবে। তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ থাকায় চীনসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা তিন বছর ধরে অনেক বিনিয়োগ করেছেন। এ প্রদর্শনীতে দেশি-বিদেশি ক্রেতাদের সম্পর্ক সৃষ্টি হবে। এতে রফতানি ও বিনিয়োগ বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

পঞ্চমবারের মতো আয়োজিত লেদারটেকের এবারের আসরে ১৫ দেশের আড়াইশ’ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিসর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের স্টল ছাড়াও প্যাভিলিয়নের একটা বড় অংশজুড়ে রয়েছে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY