মিয়ানমারের সেনাপ্রধানকে সহায়তা বাড়ানোর আশ্বাস চীনা প্রেসিডেন্টের

493

চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার বেইজিংয়ে তাদের এই সাক্ষাৎ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও তারা আলোচনা করেছেন। এতে মিয়ানমারের সীমান্ত নিরাপত্তা বৃদ্ধিসহ নানা বিষয়ে চীন মিয়ানমারকে আরো সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর উচ্ছসিত মিয়ানমারের সেনাপ্রধান ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, রাখাইন ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চীনের মিয়ানমারের পক্ষে দাঁড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। ‘

গত মঙ্গলবার চীন সফর শুরু করেন মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এই কয় দিন মুখ্যত চীনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনই দেশটির সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। দেশটিতে বিপুল বিনিয়োগ রয়েছে চীনের।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হলে তখন থেকেই মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছে চীন।

এই সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উঠলে তা আটকে দেয় চীন।

রাখাইনে দমন-পীড়নের মুখে গত তিন মাসে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এই সংকটের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে সোচ্চার রয়েছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

তবে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের ওপর নিন্দার ঝড় উঠলেও চীন সে বিষয়ে মিয়ানমারকে সমর্থন দিয়ে যায়। সাম্প্রতিক মিয়ানমারের সেনাপ্রধানের সফরে রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে চীনের সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টিকেই স্পষ্ট করছে।
সূত্র : রয়টার্স ও চায়না মেইল

NO COMMENTS

LEAVE A REPLY