ঢাকা খুলনা ও রংপুরের শীর্ষ দুইয়ে থাকার লড়াই

684

রংপুর রাইডার্স গত পরশু খুলনা টাইটানসকে হারানোর পর বিপিএলের শীর্ষ চার দল নিশ্চিত হয়ে গেছে। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে শামিল ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। এক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা। ১১ ম্যাচে ঢাকা ও খুলনার পয়েন্ট সমান ১৩। রংপুরের পয়েন্ট ১২। রান রেটে এগিয়ে ঢাকা। ১০ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৬।

আজ প্রথম ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। নিয়মরক্ষার দ্বিতীয় ম্যাচ রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের। শীর্ষ দুইয়ে থাকতে হলে খুলনাকে শুধু জিতলেই হবে না, আগামীকাল ঢাকার হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা যে এত আগে শেষ চার নিশ্চিত করেছি, এটাই বড় পাওয়া। দুই ম্যাচ আগেও শীর্ষ দুই নিশ্চিত করা আমাদের জন্য সহজ ছিল। কিন্তু এখন সেটা অনেক কঠিন। আমরা জেতার জন্য চেষ্টা করব।’

এদিকে ধারাবাহিকতা ধরে রাখতে চায় কুমিল্লা। দলের পেস বোলার আল-আমিন হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১০ ম্যাচ খেলেছি, আটটায় জিতেছি। আমরা গ্রুপপর্ব পার হয়েছি বলে চিন্তামুক্ত নই। ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ তিনি বলেন, ‘শেষ চারে সবাই শক্তিশালী দল। আমরা যে ভালো ক্রিকেট খেলছি, সেটা ধরে রাখার চেষ্টা করব।’

এদিকে আজ খুলনা এবং আগামীকাল ঢাকা জয় পেলেই দু’দলের পয়েন্ট হবে সমান ১৫। তবে নেট রান রেটে এগিয়ে থাকবে ঢাকা। সেক্ষেত্রে ঢাকারই শীর্ষ দু’য়ে থাকার সুযোগ থাকবে। আশা শেষ হয়ে যায়নি মাশরাফি মুর্তজার রংপুরেরও। আজ খুলনা হারলে এবং আগামীকাল রংপুর যদি ঢাকাকে হারাতে পারে, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে রংপুরই শীর্ষ দুইয়ের দল হবে। ঢাকার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমাদের সামনে শীর্ষ দু’য়ে থাকার সুযোগ রয়েছে। সেই চেষ্টাই করব। পরের ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ জয়ের দিকেই আমাদের ফোকাস থাকবে।’

এদিকে আশা ছাড়তে চায় না রংপুর।

দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘এখনও আমাদের দু’য়ে থাকার সুযোগ রয়েছে। এজন্য ঢাকা ও খুলনাকে পরের ম্যাচে হারতে হবে। আর আমাদের জিততে হবে। কাজটা কঠিন। ম্যাচ জেতাই আমাদের কাজ হবে। বাকিটা আমাদের হাতে নেই।’

বিপিএলে আজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা

টাইটানস (বেলা ১টা)

রাজশাহী কিংস ও চিটাগং

ভাইকিংস (সন্ধ্যা ৬টা)

(মিরপুর শেরেবাংলা জাতীয়

ক্রিকেট স্টেডিয়াম)

NO COMMENTS

LEAVE A REPLY