
বাছাইপর্ব পেরিয়ে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম দল ব্রাজিল। আগামী বছর রাশিয়া বিশ্বকাপে শিরোপার অন্যতম বড় দাবিদার সেলেকাওরা।
শুধু ধারে-ভারে নয়, এবার দামের ক্ষেত্রেও সবাইকে ছাড়িয়ে গেল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যে ৩২টি দেশ ২০১৮ বিশ্বকাপে খেলবে তাদের মধ্যে সবচেয়ে দামি দল নিয়ে রাশিয়ায় যাবে ব্রাজিল।
ট্রান্সফার মার্কেট নামের একটি ফুটবল ওয়েবসাইট বিভিন্ন মানদণ্ডে খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণ করে বিশ্বের সবচেয়ে দামি দলগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল জাতীয় দল। ইউরোপের ক্লাব ফুটবলে সব পজিশনে ব্রাজিলীয়দের দাপট ও চাহিদা সম্মিলিতভাবে দামি দলের চূড়ায় পৌঁছে দিয়েছে ব্রাজিলকে।
ট্রান্সফার ফি অনুযায়ী, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে বার্সেলোনা থেকে ভাগিয়ে আনতে ২২২ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে পিএসজিকে। এক নেইমারই দামের খেলায় অনেকটা এগিয়ে দিয়েছেন তার জাতীয় দলকে। সবমিলিয়ে ২৩ সদস্যের ব্রাজিল দলের বাজারমূল্য এখন ৬৭৩ মিলিয়ন ইউরো।
বিশ্বকাপের সবচেয়ে দামি দলের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান ও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স।
ট্রান্সফার মার্কেটের গবেষণায় তাদের মূল্য নির্ধারিত হয়েছে ৬৩৬.৫ মিলিয়ন ইউরো। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে স্পেন (৬০৩.৫ মিলিয়ন ইউরো) ও মেসির আর্জেন্টিনা (৫২৮.৫ মিলিয়ন ইউরো)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (২৭৯.১ মিলিয়ন ইউরো)। আছে নয় নম্বরে। ওয়েবসাইট।












