এক অঙ্কের সুদে গৃহঋণ

725

বাড়ি নির্মাণ অথবা ফ্ল্যাট কেনার জন্য গৃহঋণ এখন অনেকটাই সহজলভ্য। বছর দুয়েক আগেও গৃহঋণের ন্যূনতম সুদের হার ১০ শতাংশের বেশি ছিল, যা এখন এক অঙ্কে নেমে এসেছে। এবারের রিহ্যাব আবাসন মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই সাড়ে ৮ থেকে ১০ শতাংশ সুদে গৃহঋণ দিয়েছে ক্রেতাদের। মেলার বাইরেও সুদের হার মোটামুটি এ রকমই বলে জানায় তারা।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার শেষ দিন ছিল গতকাল সোমবার। এতে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা উপলক্ষে তারা ঋণ প্রক্রিয়াকরণ মাশুলে (লোন প্রসেসিং ফি) ছাড়ও দিয়েছে।

এদিকে এ বছর মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা গত বছরের চেয়ে বেশি ছিল। শেষ দিনেও ক্রেতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। এতে খুশি অংশ নেওয়া আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলের সামনে ঋণ নিতে আগ্রহী মানুষের ভিড়।

বেসরকারি সিটি ব্যাংক থেকে আবাসন ঋণ নিতে হলে সুদ দিতে হবে ৮ দশমিক ৭৫ শতাংশ। সর্বনিম্ন ৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে এই ব্যাংক থেকে। মেলা উপলক্ষে ঋণের প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্যাংকটি। ঋণের সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর। মেলায় দর্শক সাড়া সম্পর্কে জানতে চাইলে ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন, গত পাঁচ দিনে ঋণ পেতে ৩০০টি আবেদন জমা পড়েছে। এর বাইরে প্রতিদিন হাজারখানেক ক্রেতা ঋণের বিষয়ে খোঁজ নিয়েছেন।

সর্বনিম্ন ৯ শতাংশ সুদে গ্রাহকদের গৃহঋণ দিচ্ছে ব্যাংক এশিয়া। মেলা উপলক্ষে ঋণের প্রক্রিয়াকরণে মাশুল রাখছে না ব্যাংকটি। ফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরির জন্য এই ব্যাংকের ঋণের সর্বোচ্চ পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। দেশের যেকোনো জায়গায় আধা পাকা বাড়ি তৈরির জন্যও ঋণ দিচ্ছে ব্যাংক এশিয়া। এ ধরনের বাড়ি তৈরিতে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা রয়েছে ব্যাংকটির।

ব্যাংক এশিয়ার ঋণ কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিক বা করপোরেট খাতের পাশাপাশি এখন ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ব্যাংক এশিয়া। এ জন্যই মেলায় অংশ নেওয়া। মেলায় গ্রাহকদের বেশ ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।

বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার পাশাপাশি বাড়ির সংস্কার, গোষ্ঠী ঋণের মতো গৃহঋণ সুবিধা গ্রাহকদের দিচ্ছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি। প্রতিষ্ঠানটির ঋণের সুদ হার রাখা হচ্ছে ৯ দশমিক ২৫ শতাংশ। এর সঙ্গে রয়েছে দশমিক ৭৫ শতাংশ হারে প্রসেসিং ফি। ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেয় প্রতিষ্ঠানটি। মুক্তিযোদ্ধা ও নারী ঋণ গ্রহীতাদের জন্য ঋণের সুদ হার ও প্রসেসিং ফিতে বাড়তি ছাড়ের সুবিধাও দিচ্ছে আইপিডিসি।

মিরপুরের রূপনগর থেকে মেলায় এসেছেন ব্যবসায়ী শরীফ খান। তিনি  বলেন, বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য তিনি ঋণ নিতে চান। এ জন্য খোঁজখবর নিতে মেলায় এসেছেন। তিনি বলেন, ‘যে ধরনের ঋণ চাচ্ছি, তা নিয়ে দুটি ব্যাংকের সঙ্গে কথা হয়েছে, এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।’

এই প্রথম কোনো আবাসন মেলায় অংশ নিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। প্রতিষ্ঠানটির বাড়ি নির্মাণে ঋণের সুদের হার ঢাকা ও চট্টগ্রামের ক্ষেত্রে সাড়ে ৯ শতাংশ। এ দুই শহরের বাইরের জন্য সাড়ে ৮ শতাংশ। ফ্ল্যাট কেনার জন্য প্রতিষ্ঠানটি ঢাকাসহ জেলা শহরে ১০ শতাংশ সুদে ঋণ দিচ্ছে।

পাঁচ দিনের এ মেলায় এ বছর মোট ২০৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ১৬০টি আবাসন, ৩০টি ভবন নির্মাণসামগ্রী এবং ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রিহ্যাবের মেলা কমিটি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৬ হাজার ক্রেতা-দর্শনার্থী এই মেলায় গিয়েছেন। গত বছর মেলায় আসা দর্শনার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার। মেলা শেষ হওয়ার পর গত রাতে র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ী জিতে নেন একটি প্রাইভেট কার।

NO COMMENTS

LEAVE A REPLY