৫ গোলে উৎসব লিভারপুলের

745

জিঙ্গেল বেল আর সান্তা ক্লজের বড়দিন উৎসবে সমর্থকদের মুখ গোমড়া করে থাকতে দেননি লিভারপুলের ফুটবলাররা। দাড়িওয়ালা বুড়োর মতো ঝোলা থেকে উপহারের মতো গোল বের করেছেন ফিলিপে কৌতিনিয়ো-রবার্তো ফিরমিনোরা।

তাতেই বক্সিং ডের সন্ধ্যায় লিভারপুল ৫-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। জয়ের আনন্দে মেতে ওঠার ভাগ্য হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের, তবে লিনগার্ডের শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট আদায় করে নেওয়াটাও তো সৌভাগ্যপ্রসূত! আরেক ম্যাচে দুই স্প্যানিয়ার্ড; মার্কাস আলোনসো ও আলভারো মোরাতা গোল করে ব্রাইটনের বিপক্ষে জিতিয়েছেন চেলসিকে।

অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটছে ম্যানচেস্টার সিটি। রেড ডেভিলদের নগর প্রতিপক্ষ ও ম্যানইউর কোচ হোসে মরিনহোর একদা প্রবল প্রতিপক্ষ, পেপ গার্দিওলার দলের সঙ্গে ম্যানইউর পয়েন্টের ব্যবধানটা ছিল ১৩ পয়েন্টের। সেটা ঘুচিয়ে সম্মানজনক করার সুযোগটা তো নেওয়া গেলই না, বরং বক্সিং ডেতে ওল্ড ট্র্যাফোর্ডেই বার্নলির কাছে হারের শঙ্কা উঁকি দিয়েছিল জোরালোভাবে। ম্যাচের তৃতীয় মিনিটেই অ্যাশলি বার্নসের গোলে পিছিয়ে পড়া ম্যানইউর। ৩৬ মিনিটে আরেকটি গোল দিয়ে দিলেন বার্নলির স্টিভেন দেফোর। প্রথমার্ধ শেষে নিজ মাঠে ম্যানইউ দুই গোলে পিছিয়ে, বড়দিনের উৎসবের পরের সন্ধ্যায় এ যে ঘোর অমানিশা! মান বাঁচিয়েছেন জেস লিনগার্ড। বছর পঁচিশের এই স্ট্রাইকারের জোড়া গোলেই শেষ রক্ষা।

প্রথমটা ম্যাচের ৫৩তম মিনিটে, অ্যাশলি ইয়ংয়ের ক্রসে পাহারার ভেতর থেকে চলতি বলে ব্যাকহিলে। পরেরটা ম্যাচের অন্তিম লগ্নে, যাকে বলে ফার্গি টাইম! ম্যাচ দেখতে এসেছিলেন ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, তাঁর সম্মানেই যেন ম্যাচের ৯১তম মিনিটে ফ্রি-কিকের পর বল ক্লিয়ার করতে গিয়ে গোলমুখে সৃষ্ট জটলা থেকে ডান পায়ের শটে গোল করেন লিনগার্ড। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘আমরা কখনোই হাল ছাড়িনি। জানতাম আরো ৪৫ মিনিট খেলতে হবে আর আমাদের ধৈর্য ধরে খেলে সুযোগ তৈরি করতে হবে। শেষ পর্যন্ত আমরা দুটি পরিষ্কার সুযোগ তৈরি করেছি, গোলও করেছি। ’

ম্যানইউতে যোগ দেওয়ার পর মরিনহো খেলোয়াড় কেনায় খরচ করেছেন ২৮৬ মিলিয়ন পাউন্ড আর পেপ গার্দিওলা খরচ করেছেন ৩৬১ মিলিয়ন পাউন্ড। পেট্রো-ডলার খরচা করে ম্যানসিটি সাফল্য পাচ্ছে ঠিকই, কিন্তু খরচ অনুপাতে ম্যানইউর সাফল্য যেন খানিকটা ম্লান। ম্যাচের পর মরিনহো বললেন, আরো খরচ বাড়াতে হবে, ‘যে দলটাকে একসময় সবাই বিশ্বের সেরা দল হিসেবে চিনত, সেই দলেরই পুনর্গঠন প্রক্রিয়ার দ্বিতীয় বছরে আছি আমরা। বড় ক্লাবের কাছে চাওয়া দাম তো অন্য ক্লাবের কাছে চাওয়া দামের চেয়ে আলাদা। যেসব ক্লাবের ইতিহাস সমৃদ্ধ, তাদেরকে তো দলবদলের বাজারে শাস্তি পেতে হয়। ’ ম্যানসিটির খরচের লম্বা বহর নিয়েও মরিনহোর খোঁচা, ‘ম্যানসিটি তো স্ট্রাইকারের দামে ফুলব্যাক কিনেছে। ’ বিবিসি, মেইল

NO COMMENTS

LEAVE A REPLY