নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। বন্দরের বালিগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার দিকে বালিগাঁওয়রে রফিক মুন্সির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা লুটপাট করে এবং তাদের হামলায় তিনজন আহত হয়। ডাকাত দল ফিরে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তারা এসে ডাকাত দলের দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় গণপিটুনিতে এ দুজন গুরুতর আহত হয়।
আবুল কালাম জানান, আহত অবস্থায় দুই ডাকাতকে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানা সূত্র জানায়, ডাকাতদের হামলায় আহত তিনজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সন্দেহভাজন দুই ডাকাতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













