আদনান হত্যায় গ্রেপ্তার ৫

728

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের মধ্যে চারজন হলেন মো. মঈন, মো. সাব্বির, মো. সাঈদ ও মো. আরমান। আরেকজনের নাম এখনো জানা যায়নি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মুস্তাহিদ হোসেন বলেন, ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বেলা একটায় নগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে (১৫) গত মঙ্গলবার দুপুরে নগরের জামালখান মোড়ে প্রকাশ্যে ধাওয়া করে ছুরিকাঘাতে খুন করেন একদল যুবক। ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে কিশোর আদনানের বাসা। পুলিশ বলছে, ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই খুন হয়েছে। পাঁচ যুবকের মধ্যে দুজন উত্ত্যক্ত, মারধর ও ছুরিকাঘাতের দুই মামলার আসামি।

NO COMMENTS

LEAVE A REPLY