স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

703

আর্জেন্টিনার বড় বড় সব তারকারা তো সারাজীবন স্প্যানিশ লিগেই কাটিয়ে দিলেন। এবার সেই স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার জাতীয় দল। আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী মার্চে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ আতলেটিকোর মাঠ ওয়ান্ডা মোট্রোপলিটানোতে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল।

এই ম্যাচের মাধ্যমেই আতলেটিকো মাদ্রিদের নবনির্মিত এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আরো ঘোষণা দিয়েছে যে, ২০১৬ সাল থেকে অপরাজিত থাকা জুলেন লোপেতেগুর দলটি আগামী জুনে নিজেদের মাটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে। একই মাসে তারা রাশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে তিউনিশিয়ার বিপক্ষে।

সর্বশেষ ২০১০ সালে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে ৪-১ গোলে জয় লাভ করে ল্যাটিন আমেরিকার দেশটি। ওই বছরই বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। ইতোমধ্যে আগামী ২৩ মার্চ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফেডারেশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাসেলডর্ফে।

উল্লেখ্য, ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করবে স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন। ‘বি’ গ্রুপ থেকে অংশগ্রহনকারী দলটির পরবর্তী প্রতিপক্ষ যথাক্রমে মরোক্কো এবং ইরান।

NO COMMENTS

LEAVE A REPLY