ত্রিপুরায় হাড্ডাহাড্ডি, মেঘালয়ে কংগ্রেস এগিয়ে

852

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় বাম জোটের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ রাজ্যের ৬০ আসনের বিধানসভার আসনের মধ্যে আজ সকাল সোয়া নয়টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ২৬ আসনের মধ্যে বাম জোট ১৫টিতে এবং ১১টিতে বিজেপি প্রার্থীরা জিতেছেন। আর দুটি আসন পেয়েছে কংগ্রেস।

ত্রিপুরায় বামফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। পরেরবারের নির্বাচনে, অর্থাৎ ১৯৮৩ সালেও জেতে বামফ্রন্ট। তবে ১৯৮৮ সালের বিধানসভা নির্বাচনে তারা হেরে যায়। কংগ্রেস জোটের কাছে হারে বামেরা। ১৯৯৩ সালে আবার ক্ষমতায় আসে বামেরা। এরপর থেকে আরও চারবার টানা জয়।

ত্রিপুরায় বিজেপি এর আগে কখনো ক্ষমতায় ছিল না। এমনকি কোনো আসনও পায়নি এ দল। তবে এবারের হিসাব ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বাঘা বাঘা বিজেপি নেতা চষে বেড়িয়েছেন এ রাজ্যের সর্বত্র।

শুধু ত্রিপুরায় নয়, এ দফায় ভোট হয়েছে উত্তর–পূর্ব ভারতের আর দুই রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ে। এর মধ্যে মেঘালয়ে সরকারে আছে কংগ্রেস। সেখানে ঘোষিত ১২ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪টি। অন্যরা ৬টি। বিজেপি ও এনপিপি একটি করে আসন।

নাগাল্যান্ডে ঘোষণা করা সাত আসনের মধ্যে বিজেপি–সমর্থিত এনডিপিপি পেয়েছে ৬ আসন। আর এনপিএফ পেয়েছে ১টি আসন। এ রাজ্যে এখনো খাতা খুলতে পারেনি কংগ্রেস।

NO COMMENTS

LEAVE A REPLY