
পুরোদেশ বার্তা:
চট্টগ্রামের ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা।
চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে আলোচনায় থাকা ম্যাক্স হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে গতকাল রোববার সেবা বন্ধ করে দিয়েছিল চট্টগ্রামের বেসরকারি সব
হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ। রোগী ও তাদের স্বজনদের ২০ ঘণ্টার বেশি সময় ভোগান্তির পর ধর্মঘট স্থগিতের ঘোষণা এলো।
প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের জানান, “প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”
রোববার ডা. লিয়াকতই ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার পর বেলা ৪টার পর থেকে বন্দরনগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকেরা সব ধরনের সেবা বন্ধ রাখেন। সীমাহীন দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার পর তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি। এর ভিত্তিতে শনিবার দুই চিকিৎসককে চাকরিচ্যুত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে বায়োকেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।ওই অভিযানের মধ্যেই নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যালয়ে চিকিৎসা প্রতিষ্ঠান মালিকরা জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
(সংবাদ ও সংবাদচিত্র: বিডিনিউজ)













