স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের ডিবি হেফাজতে শহিদুল

1079
সংবাদচিত্র: বাংলা ট্রিবিউন

পুরোদেশ প্রতিবেদন
আলোকচিত্রী শহিদুল আলমকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো কিছু হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে রিমান্ডে থাকা এই আলোকচিত্রীকে বুধবার সকাল ৯টার দিকে বিএসএমএমইউ’তে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার বেলা ২টার পর শহিদুল আলমকে আবার গোয়েন্দা পুলিশ নিয়ে যায়।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন বলেন, ‘শহিদুল আলমের শারীরিক অবস্থা ভালো। আমাদের মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। তাকে হাসাপাতালে ভর্তি করার মতো কিছু হয়নি। তিনি যেসব ওষুধপত্র খেতেন তাই চলবে। আমাদের ডাক্তাররা তার ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন।’

দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। শহিদুলের স্ত্রী রেহনুমা আহমেদ রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাই কোর্টে রিট করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত দ্রুত শহিদুলকে ডিবি হেফাজত থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুলের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

(ডেস্ক/এমএইচকে)
সংবাদসূত্র: বিডিনিউজ, বাংলা ট্রিবিউন।
সংবাদচিত্র: বাংলা ট্রিবিউন

NO COMMENTS

LEAVE A REPLY