ক্রিকেট মাঠের বাইশ গজে চলছে ম্যাচ। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে মাঠের ভিতর ঢুকে পড়ে একটি গাড়ি।
তারপর সোজা গিয়ে দাঁড়ায় মাঠের ঠিক মাঝখানে। অর্থাৎ পিচের উপর। আর এই আজব দৃশ্য দেখা গেল যখন গৌতম গম্ভীরের দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের লড়াই চালাচ্ছে উত্তর প্রদেশ। রনজি ট্রফির ম্যাচ চলাকালীন এমন বিরল ঘটনায় হতবাক মাঠের ক্রিকেটার ও উপস্থিত কর্মকর্তারাও।
গতকাল শুক্রবার ভারতের পালামের বিমান বাহিনীর মাঠে খেলা শেষ হওয়ার মিনিট ২০ আগে একটি ধূসর রঙের ওয়েগনার সটান এসে দাঁড়ায় উইকেটের উপর। জানা গেছে, গিরিশ শর্মা নামের ব্যক্তি এমন কাণ্ড ঘটান। দাঁড় করানোর আগে বাইশ গজে উইকেটের উপর গাড়িটি দু’বার ঘোরানোরও চেষ্টা করেছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এদিন ম্যাচ শুরু হয়ে যাওয়ার পরও মাঠের মূল গেটটি খোলাই ছিল। এর ফলে গাড়ি নিয়ে মাঠের ভিতর ঢুকতে কোনও বাধাই টপকাতে হয়নি গিরিশকে।
আর সেই সুযোগেই পার্কিংয়ে গাড়ি না রেখে সকলকে চমকে দিয়ে সোজা পৌঁছে যান পিচে।
অবশ্য পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে এসে মাঠের সবকটি গেট বন্ধ করে দেয়, যাতে ওই ব্যক্তি পালিয়ে যেতে না পারেন। বিমান বাহিনী পুলিশ গিরিশকে প্রথমে আটক করে। পরে তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিন্তু ওই ব্যক্তির কাণ্ডে ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এর জন্য আয়োজকদের কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও মনে করা হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন













