শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জমজমাট ড্র অনুষ্ঠনার। বরাবরের মতই সকলের দৃষ্টি ছিল বড় দলগুলো কে কোন গ্রুপে পড়ছে, কিংবা গ্রুপ পর্ব পেরিয়ে নক আউট পর্বে ফেবারিট দলগুলোর সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে সেই হিসেব নিকেশের দিকে।
ড্রয়ের পরেও প্রতিপক্ষ দলগুলোর মান বিবেচনা করে ব্রাজিল তার অনুশীলনে কোন ধরনের পরিবর্তন আনবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার হেভিওয়েট দল ব্রাজিল গ্রুপ ‘ই’ তে সুইজারল্যান্ড, কোস্টরিকা ও সার্বিয়ার মুখোমুখি হবে। গ্রুপ পর্বের দলগুলোর সার্বিক শক্তি বিবেচনায় ব্রাজিলের কোচ তিতে জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক না কেন ব্রাজিল এমনভাবে তার বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে মনে হচ্ছে স্পেন কিংবা ইংল্যান্ডের মত দলগুলোর বিপক্ষেই তারা মাঠে নামতে যাচ্ছে।
তিতে বলেন, ‘বিশ্বকাপে প্রতিপক্ষ স্পেন কিংবা ইংল্যান্ড বা অন্য যেকোনো দলই হোক না কেন, সবাই সমান। সে কারণেই সুইজারল্যান্ড, সার্বিয়া কিংবা কোস্টারিকাকেও আমরা সেভাবেই বিবেচনা করছি। এটা সম্পূর্ণই আমার চিন্তাভাবনা। আমি শুধুমাত্র আমার সর্বোচ্চ চেষ্টা ও অভিজ্ঞতা দিয়ে দলকে সহযোগিতা করতে পারি। যাতে করে ব্রাজিল তার স্বমহিমায় এগিয়ে যেতে পারে। ‘
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের বাঁধা পেরিয়ে সবার আগে এই অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।
১০ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের শীর্ষে থেকেই তারা রাশিয়ার টিকিট পায়। তিতে বিশ্বাস করেন রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবেই তার দল মাঠে নামবে। তবে তিনি স্বীকার করেছেন এখনো উন্নতির অনেক জায়গা রয়েছে। বিশেষ করে খেলোয়াড়দের শারিরীক প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। এছাড়া বিশ্বকাপের মত আসরে মানসিক ভাবে মানিয়ে নেবার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।













