
গত বৃহস্পতিবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর নিজেই নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের আসনে বসিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই দাম্ভিক ঘোষণার পর শনিবার প্রথম মাঠে নামার আগে ক্যারিয়ারের সবগুলো ব্যালন ডি’অর ট্রফি নিয়ে বার্নাব্যুতে শোডাউন দিলেন পর্তুগিজ যুবরাজ।
ভরা বার্নাব্যু প্রকম্পিত হল “ক্রিশ্চিয়ানো, ব্যালন ডি’অর’’ স্লোগানে। এরপর নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে কিছু করতেই হতো রোনাল্ডোকে। সেটা দারুণভাবেই করলেন সিআর সেভেন। চ্যাম্পিয়ন্স লীগের আগুনে ফর্মটা লীগে টেনে এনে করলেন জোড়া গোল।
রোনাল্ডো-ঝলকে রিয়ালও পেল ঝলমলে জয়। কাল লা লীগায় ঘরের মাঠে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ২০১৬ সালের জানুয়ারির পর এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে পাঁচ গোল পেল জিনেদিন জিদানের দল।
বিরতির পর করিম বেনজেমা পোস্ট না কাঁপালে আরও বড় ব্যবধানে জিতত রিয়াল। এই ম্যাচের আগে লা লীগায় চলতি মৌসুমে রোনাল্ডোর গোল ছিল মাত্র দুটি। এক ম্যাচেই সেটা হয়ে গেল দ্বিগুণ। তিন মিনিটে গোল উৎসবের সূচনা করেন ডিফেন্ডার নাচো। ২৩ মিনিটে আসেনসিওর দারুণ এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। আট মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৩৮ মিনিটে টনি ক্রস ব্যবধান ৪-০ করার পর ৪২ মিনিটে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফ হাকিমি। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে কাল ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন চেলসি। আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে স্টোক সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। এ ছাড়া বুন্দেসলীগায় আর্তুরো ভিদালের দেয়া একমাত্র গোলে ফ্র্যাংকফুর্টকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এএফপি।
একনজরে ফল
স্প্যানিশ লীগ
রিয়াল মাদ্রিদ ৫ : ০ সেভিয়া
ইংলিশ প্রিমিয়ার লীগ
ওয়েস্ট হ্যাম ১ : ০ চেলসি
টনেটহ্যাম ৫ : ১ স্টোক সিটি
বুন্দেসলীগা
বায়ার্ন মিউনিখ ১ : ০ ফ্র্যাংকফুর্ট
ফরাসি লীগ
পিএসজি ৩ : ১ লিল












