সংবাদ সম্মেলনে বিএনপি, খালেদার লন্ডন সফর নিয়ে প্রলাপ বকছে আ.লীগ

559

বিএনপি বলেছে, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা প্রলাপ বকছেন। চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রথমে আওয়ামী লীগের নেতারা বলছেন খালেদা জিয়া মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন বলছেন ষড়যন্ত্র করতে লন্ডন গেছেন। এরপর হয়তো আরেক নতুন তত্ত্ব দেবেন।

রিজভী অভিযোগ করেন, ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন করতে সরকার বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনি প্রচার করছে। তারা বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

 বিএনপির এই নেতা বলেন, গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। টিয়ারশেলে মেধাবী ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হওয়ার পর চারজন যুবককে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। সিদ্দিকুরের ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY