৫ জানুয়ারির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: ফখরুল

529

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে এখন সেই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। জনগণের সমর্থনবিহীন এই সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের দ্বিতীয় দিনে জেলা দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আজ বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে বিএনপি বরিশাল জেলা দক্ষিণের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ সভানেত্রীকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে র‌্যাব-পুলিশ-বিজিবি ব্যবহার করে আমাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেবেন, আর মানুষের ভোট কেড়ে নেবেন। তাতে নিরপেক্ষ নির্বাচন হবে না। আপনাদের জবরদস্তির কারণেই নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকার প্রয়োজন।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সহজে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না। জনগণকে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। সহায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও সরকারকে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যক্তির প্রচারণা চালিয়ে দলের ক্ষতি করবেন না। দলের মধ্যে সমস্যা থাকতে পারে, সেই সমস্যা দলীয় ফোরামে আলোচনা করে সমাধান করতে হবে। নিজেরা রেষারেষি করে দলের-দেশের ক্ষতি করবেন না। তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবেন।’

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহসভাপতি বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।

সদস্য সংগ্রহ অভিযানে দক্ষিণ জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষ বেলা দেড়টায় পুরোনো সদস্য নবায়নের মধ্য দিয়ে দক্ষিণ জেলার কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল।

NO COMMENTS

LEAVE A REPLY