ইউনূস সেন্টারের সম্মেলনে বাধায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে: ফখরুল

590
মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি

ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনে শেষ মুহূর্তে অনুমতি না দিয়ে সরকার দেশের ‘ভাবমূর্তি নষ্ট’ করেছে বলে দাবি করেছে বিএনপি।

২৮ জুলাই শুক্রবার গণমাধ্যমে পাঠানো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

শুক্র ও ২৯ জুলাই শনিবার দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘সম্মেলনে ৫০০ বিদেশি অতিথিসহ ৩৬ দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশগ্রহণের কথা ছিল। আমন্ত্রিত অতিথির প্রায় ২০০ এরই মধ্যে ঢাকায় উপস্থিত হয়েছেন। সম্মেলনে জাতিসংঘের সহকারী মহাসচিবও উপস্থিত থাকার কথা ছিল। ইউনূস সেন্টার কর্তৃপক্ষ সম্মেলনের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দপ্তরে গত ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল। শেষ মুহূর্তে এসে সম্মেলনের অনুমতি না দিয়ে সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করল।’

সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য ‘অশুভ বার্তা’ উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এ ধরনের বাধা দেওয়ার ঘটনা নজিরবিহীন। এটা ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন- এ ঘটনায় বিশ্ববাসীর কাছে তা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। সরকারের এই আচরণের মধ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সম্পর্কে বিরূপ ধারণা আরও তীব্রতর হবে।’

বিএনপির এ নেতা সম্মেলন বন্ধের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

NO COMMENTS

LEAVE A REPLY