বাংলাদেশ শিশু একাডেমির মৌসুমি প্রতিযোগিতায় বিজয়ী ৪৮ জন শিশু পেয়েছে জাতীয় পর্যায়ে স্বর্ণ ও রৌপ্য পদক। উপজেলা থেকে শুরু হয়ে বিভাগীয় পর্যায় পার করে প্রায় ৪২ হাজার ৭৩৮ জন প্রতিযোগীর ভেতর থেকে বাছাই করে দেওয়া হয়েছে এই পদক।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মৌসুমি প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। এ সময় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া ও সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “যারা বিজয়ী হয়নি কিন্তু অংশগ্রহণ করেছে, মনে করতে হবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা তাদেরকে প্রমাণ করার কাজ শুরু করেছে। ” অভিবাকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিশুদেরকে সব সময় পড়াশুনায় প্রথম হওয়ার জন্য চাপ দেবেন না। এটা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করে।
শিশুদের সংস্কৃতি চর্চা করার সুযোগ করে দিন। ” প্রধান অতিথির বক্তব্যে রেবেকা মমিন, এমপি বলেন, “তোমরা ভালো মানুষ হও এবং ভালো কাজ কর। শুধু দেশপ্রেম থাকলে হবে না পাশাপাশি পারস্পরিক সহমর্মিতার শিক্ষা অর্জন করতে হবে। হিংসা ত্যাগ করে তোমরাই গড়ে তুলবে তোমাদের স্বপ্নের বাংলাদেশ। ”
অংশগ্রহণকারী প্রতিযোগী শিশুদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বরিশালের বাগেরহাট থেকে আসা এইচ এম নিয়াজ উদ্দিন রিফাত। রিফাত ও তার দল উপস্থিত বির্তকে প্রথম হয়। শিশুদের মধ্যে দলীয় চারটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় জ্ঞান-জিজ্ঞাসা, উপস্থিত বির্তক, সমবেত দেশাত্মবোধক জারিগান এবং দলীয় নৃত্যের (আঞ্চলিক) ওপর শিশুরা অংশগ্রহণ করেন। পুরস্কার পেয়েছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, রাজশাহী, যশোর, ময়মনসিংহ অঞ্চলের ৪৮ জন প্রতিযোগী।
পুরস্কার বিতরণের একপর্যায়ে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মদিনের কেকে কাটেন উপস্থিত অতিথি ও বিজয়ী শিশুরা। পদক ও সনদ বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমি প্রতিযোগিতা ২০১৭ শেষ হয়।













