শেখ হাসিনার কিছু পাওয়ার দরকার নেই, তিনি এখন বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী। শেখ হাসিনার মতো জনসেবক বাংলাদেশে আর একজনও নেই।
তাঁর জনসেবা দেখে আমরা উৎসাহিত হয়ে কাজ করি। আজ শুক্রবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী তামাবিল পূর্ণাঙ্গ স্থলবন্দর উদ্বোধনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর চালু হওয়াতে বাংলাদেশ-ভারত উভয় দেশ উপকৃত হবে। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে দরিদ্রতাও কমবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, নৌপরিবহনসচিব আবদুস সামাদ প্রমুখ।













