রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে। আজ রবিবার দুপুর পৌনে ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিকেলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় জনসভার মঞ্চে এখন দলটির মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন। এ ছাড়াও বক্তব্যের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
এর আগে সকাল সোয়া ১১টা থেকেই রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় মঞ্চে সংগীত পরিবেশনের মাধ্যমে নেতাকর্মীদের উৎসাহ দিতে থাকেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।
দলীয় সূত্র বলছে, জনসভার প্রথম অংশে থাকছে সাংস্কৃতিক পর্ব। আর মূল পর্বে থাকছে শীর্ষ নেতাদের বক্তব্য। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে জনসভাস্থলে উপস্থিত থেকে সেখানে আগত নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।













