সরকারকে ‘লুটেরা’ সরকার হিসেবে আখ্যায়িত করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন প্রশ্নফাঁস, দুর্নীতি, মাদক, গুম-খুন ও রোহিঙ্গা ইস্যুতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এটা কোনো সরকার হলো? যে সরকার প্রশ্নফাঁস ঠেকাতে পারে না, সে সরকার কীভাবে দুর্নীতি ঠেকাবে? প্রশ্নফাঁস আমাদের লজ্জ্বা। প্রশ্নফাঁসের ফল দেশের ভবিষ্যতের জন্য ‘ভয়াবহ’ হবে বলে সতর্ক করেন তিনি।
সংসদে ‘গুম’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে অধ্যাপক বি চৌধুরী বলেন, পৃথিবীর অন্য দেশে গুম হয়, খুন হয় মানছি। কিন্তু পার্থক্য হলো- সেসব দেশের খুন হলে খুনি ধরা পড়ে, গুম হলেও উদ্ধার হয়, ফিরে আসে। আর আমাদের দেশে গুম হলে তো কথাই নেই, ফেরে না অথবা লাশ পাওয়া যায়। কেউ ফিরলেও কথা বলার শক্তি হারিয়ে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী পুরোটাই ব্যর্থ। খুন হলে খুনি থাকে অধরা, বিচার হয় না। এসময় রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবিও জানান বি চৌধুরী।
বাংলাদেশ জনদলের চেয়ারম্যান এস এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বক্তব্য দেন।













